হামজা-জামালদের কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

হামজা-জামালদের কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

খেলা স্পেশাল

 

জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপ ও আফ্রিকার অনেকে। জার্মানির অভিজ্ঞ কোচ অ্যান্টোইন হে ছাড়াও ফ্রান্স, পর্তুগাল ও রুমানিয়ার কোচের আবেদন এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। জানা গেছে, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে সাত থেকে আটজন বিদেশি কোচের সিভি জমা পড়েছে বাফুফেতে।

সূত্রমতে, স্থানীয় দুই কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টুও কোচ হতে আগ্রহী। যদিও মারুফুল জানিয়েছেন, তিনি আবেদন করেননি। বাফুফের নির্বাহী কমিটির সভায় জাতীয় দলের নতুন কোচ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা।

বাফুফে সূত্রে জানা গেছে, ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচরা আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে এমন কোচও আছেন, যাদের জাতীয় দল কিংবা শীর্ষ ক্লাব পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে অনেকেই ফিফা ও এএফসি স্বীকৃত উচ্চমানের কোচিং লাইসেন্সধারী।

হামজা, শমিতদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন অভিজ্ঞ জার্মান কোচ অ্যান্টোইন হে। উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ তিনি। যার এশিয়া ও আফ্রিকার ফুটবলে দীর্ঘ দুই দশক কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। মিয়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইবেরিয়া, গাম্বিয়া এবং লেসোথো জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। বাহরাইন ও লিবিয়া ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। খেলোয়াড়ি জীবনে তিনি জার্মান বুন্দেসলিগার শালকে ০৪ ও ফরচুনা ডুসেলডর্ফের মতো বড় ক্লাবে খেলেছেন।

আরেক জার্মান কোচ বার্ন্ড স্টর্কও আবেদন করেছেন। হাঙ্গেরিকে ইউরো ২০১৬তে নিয়ে যাওয়া এই অভিজ্ঞ কোচ এর আগে কাজাখস্তান জাতীয় দল ও বেলজিয়ামের ক্লাব সের্কেল ব্রুজে কাজ করেছেন। বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক কোচ ইগোর স্টিমাচও। ৫৮ বছর বয়সি এই কোচের ক্রোয়েশিয়া ছাড়াও ভারতের জাতীয় দল ও বয়সভিত্তিক দল সামলানোর অভিজ্ঞতা রয়েছে। ২০২১ ও ২০২৩ সালের সাফজয়ী ভারতের কোচ ছিলেন তিনি।

সূত্রে আরও জানা গেছে, কোচ হতে আবেদন করেছেন ফরাসি দিদিয়ের অলে নিকোলও। ফরাসি ক্লাব ওজিসি নিসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ৬৫ বছর বয়সি এই কোচের। ২০২১-২২ মৌসুমে পিএসজির নারী দলের দায়িত্ব সামলেছেন। তার ক্যারিয়ারে কোচিং করানো একমাত্র জাতীয় দল বেনিন (২০১৪)। আবেদনের তালিকায় রয়েছেন পর্তুগিজ কোচ অ্যান্টোনিও কন্সেইসাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *