ইসরায়েলের প্রবাসী এবং ইহুদিবিদ্বেষ দমনবিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০ জন কথিত ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘জায়নবাদবিরোধী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে। এই ১০ জনের মধ্যে ছয়জনই যুক্তরাষ্ট্রভিত্তিক। অন্যরা ইউরোপের বিভিন্ন দেশের। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি শুক্রবার এ খবর দিয়েছে।
‘প্রভাবের মাত্রা’ ও ‘সম্ভাব্য ঝুঁকির’ নিরিখে এই ১০ জন ইনফ্লুয়েন্সারের নাম তালিকায় রাখা হয়েছে।
তালিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ, যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসনের নামও আছে। আরও আছেন যুক্তরাষ্ট্রের অধিকারকর্মী নিক ফুয়েন্তেস ও ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স।
সুইডেনের তরুণ পরিবেশবাদী অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকেও তালিকায় রেখেছে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোয় ইসরায়েলের নির্বিচার হামলার শিকার ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সোচ্চার রয়েছেন গ্রেটা। তালিকার শুরুতেই নাম রয়েছে মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ানের। এরপর রয়েছে গ্রেটার নাম।
তালিকায় আরও নাম রয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাংবাদিক আবদেল বারি আতওয়ানের। মিসরীয়-মার্কিন কমেডিয়ান ও টিভি উপস্থাপক বাসেম ইউসেফ, মার্কিন লেখক ও ইমাম ওমর সুলেইমান, ডেনিশ চিকিৎসক আনাস্তেসিয়া মারিয়া লোপেজ এবং যুক্তরাজ্যের জনপ্রিয় ইউটিউবার ইয়ান ক্যারলের নাম আছে এ তালিকায়।
ইসরায়েলের সরকারি প্রতিবেদনে এই ১০ জনের বিষয়ে বলা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক পদে নেই। নিজ নিজ দেশের সরকারেও তাদের কোনো পদ নেই। তবে তাদের উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী রয়েছেন।


