চার জেলার ডিসিকে প্রত্যাহার

চার জেলার ডিসিকে প্রত্যাহার

জাতীয় স্লাইড

 

দেশের চার জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার এবং একই সঙ্গে নতুন ডিসি নিয়োগ দিয়েছে। এ নিয়ে গত এক মাসে তিন দফায় মোট ২০টি জেলার ডিসি বদল করা হলো। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে নিয়োগ পেয়েছিলেন। ফলে কয়েক মাসের মধ্যেই তাঁদের বদলি করা হয়েছে। জাতীয় নির্বাচনের পর থেকে সচিবালয়সহ জনপ্রশাসনের বিভিন্ন স্তরে ধারাবাহিক পরিবর্তন আনা হচ্ছে। এই ধারাবাহিকতায় সামনে জেলা প্রশাসকসহ আরও বিভিন্ন পর্যায়ে রদবদল হতে পারে বলে আলোচনা রয়েছে।

বুধবার (১ এপ্রিল) যে চার জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে, সেই জেলাগুলো হলো পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী। এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর এসব জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট অথোরটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের পর গত ১ মার্চ প্রথমে পাঁচ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়। এই জেলাগুলো হলো গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। পরে ১৫ মার্চ এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ মার্চ ১১টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করে সেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *