আগামী শনিবার সব ব্যাংক খোলা থাকবে

অর্থনীতি স্লাইড

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে।

চিঠি অনুযায়ী, প্রার্থীরা জামানতের অর্থ জমা দিতে এবং ভোটার তালিকার সিডি ক্রয় করতে পারবেন। এই সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক আজ সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর আগে টানা তিন দিনের ছুটির কবলে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। ব্যাংক তিনদিন বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এই অর্থ জমা দেওয়া সম্ভব হতো না। এই সমস্যা এড়াতে নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য। এর ফলে প্রার্থীরা ওই দিন প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন।

১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করে। সেই অনুযায়ী প্রার্থীরা এখন মনোনয়নপত্র সংগ্রহের কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *