ঢাকা লিগ শুরু সোমবার, থাকছে যেসব নিয়ম

খেলা স্পেশাল

 

সবকিছু ঠিক থাকলে আগামী পরশু সোমবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। শেষ হবে আগামী ১১ জুন। ঢাকা লিগের এবারের আসরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার বা কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

শনিবার মিরপুরে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল এই কঠোর বার্তার কথা জানান। তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই প্রত্যেককে ফোন জমা দিতে হবে।’ মূলত ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো অসাধু উপায়ের সুযোগ বন্ধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে।

তামিম ইকবাল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা ক্লাবগুলোকে ডেকেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে অতীতে যা হয়েছে, তা আর হবে না। সবকিছু এবার ঠিকঠাকভাবে হবে। লিগ আয়োজনে তাদের সহযোগিতার জন্য প্রত্যেকটি ক্লাবকে ধন্যবাদ জানাই।’

তামিম আরও যোগ করেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের জন্য এটি আমাদের ইকো-সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কয়েক মাস ক্রিকেট বন্ধ থাকায় এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা এবং বোর্ডের সদস্যরা একে মাঠে ফেরানোকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *