নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে বড় চমক, বিশ্রামে রাখা হয়েছে নাহিদ রানাসহ তিন অভিজ্ঞ পেসারকে, আর জায়গা পেয়েছেন দুই নতুন মুখ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এ সিরিজে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়ায় পেস আক্রমণে এসেছে বড় পরিবর্তন। নতুন করে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গফ্ফার সাকলাইন, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
২৮ বছর বয়সি সাকলাইন সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার কার্যকর বোলিংয়ের জন্য নজরে আসেন। পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতে বড় শট খেলার সক্ষমতাও তাকে বাড়তি সুবিধা দেয়।
দলে আরেক নতুন সংযোজন রিপন মন্ডল। ডেথ ওভারে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। এর আগে ২০২৩ এশিয়ান গেমসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এবারই মূল দলে বড় সুযোগ পেলেন এই তরুণ পেসার।
দলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক মোহাম্মদ সাইফ হাসান। ব্যাটিং লাইনআপে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। উইকেটকিপার হিসেবে রয়েছেন নুরুল হাসান সোহান।
স্পিন বিভাগে মাহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের ওপর ভরসা রাখা হয়েছে। আর পেস আক্রমণে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শাইফ উদ্দিনের সঙ্গে যোগ হয়েছেন নতুন দুই মুখ।
স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কোয়াজি নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শাইফ উদ্দিন, আবদুল গফ্ফার সাকলাইন।


