আইপিএলে ‘দ্য ফিজ’, পিএসএলে পেলেন যে ‘বিশেষ নাম’

খেলা স্পেশাল

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাজিুর রহমান।

আইপিএলের সেই আসরে দুর্দান্ত পারফর্ম করে দলের শিরোপা জয়ে অবদান রাখা মোস্তাফিজকে ‘দ্য ফিজ’ উপাধি দেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি। সেই থেকেই মোস্তাফিজ ‘দ্য ফিজ’ খ্যাতি লাভ করেন। তবে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে নতুন ‘বিশেষ নাম’ পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

আগামীকাল (বৃহস্পতিবার) পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। সেখানে খেলতে গিয়ে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই দুই বাংলাদেশি তারকা।

লাহোরের প্রতি ক্রিকেটারের অনুশীলন জার্সির পেছনে তাদের নাম লেখা হয়নি। তার বদলে ভিন্ন ভিন্ন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে ইমনকে ‘লাকি’ বা ভাগ্যবান এবং মোস্তাফিজকে ‘প্রফিটিং’ বা লাভজনক উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের অভ্যন্তরের বিশেষ থিম ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এমন নামকরণ করা হয়েছে।

একইভাবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিকনেম দেওয়া হয়েছে ঈগল, অবশ্য এই নামটি তার সঙ্গে ব্যবহারের রীতি পুরোনো। এ ছাড়া কাউকে এক্সপ্লোডার বা বিধ্বংসী, কেউবা আবার ফেইথফুল বা বিশ্বস্ত তকমাও পেয়েছেন দলের পক্ষ থেকে। পিএসএলে আগের থেকেই লাহোরের প্রতিনিধিত্ব করছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। তার জার্সির পেছনে লেখা ‘কালান্দার্স কা সিকান্দার’। এর আগে তিনি নিজেও পরিচয় দিয়েছিলেন এভাবে– ‘আমিই লাহোর কালান্দার্স, লাহোর কালান্দার্স মানেই আমি।’

এর আগে দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজ-ইমনের দলের সঙ্গে যোগ দেওয়ার পোস্টে লাহোর ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে লিখেছে– ‘আমাদের বাঙালি ভাইয়েরা লাহোর পা রেখেছেন। ভোররাতে এসে পৌঁছালেন মোস্তাফিজ ও ইমন। ক্লান্ত, তবে কালান্দারদের চেতনাকে আলিঙ্গন করতে প্রস্তুত। স্বাগতম ছেলেরা, লাহোর এখন আমাদের বাড়ি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *