‘সাকিবের ফেরা ইমোশনের জায়গা নয়, লম্বা সময়ের সার্ভিস চায় বিসিবি’

খেলা স্পেশাল

 

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে পাকিস্তান সিরিজের আগে থেকেই গুঞ্জন থাকলেও আইনি জটিলতা ও মামলার সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে আগামী এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

সাকিবের এই ফেরা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার কথা বলেন, সাকিবের ফেরা ইমোশনের জায়গা নয়, লম্বা সময়ের সার্ভিস চায় বিসিবি।

সাকিব আল হাসানের বর্তমান শারীরিক অবস্থা ও দলে ফেরার সম্ভাবনা নিয়ে হাবিবুল বাশার সুমন মনে করেন, সাকিবের এখনো লম্বা সময় দেওয়ার সামর্থ্য আছে। তবে হুট করে কাউকে দলে নেওয়ার পক্ষে নন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনও দুই বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই দলে আসবে আসলে। সাকিবের সার্ভিস পেলে দল উপকৃত হবে যদি আসে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না। এটা আবেগের জায়গা নয়। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইবো।’

বিসিবির বর্তমান মূল লক্ষ্য হলো সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা। সে লক্ষ্যে মূল ১৫ জনের বাইরেও একটি শক্তিশালী বিকল্প গ্রুপ তৈরির দিকে জোর দিচ্ছেন নির্বাচকরা। এ প্রসঙ্গে হাবিবুল বাশার আরও বলেন, ‘ফোকাস থাকবে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা, অনেক খেলা। খারাপ দিয়ে খারাপ রিপ্লেস না করে, সবাই যাতে ভালো করে। যে ১৫ জন আছে তার বাইরে একটা গ্রুপ রেডি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *