ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দেয়াল লিখন কর্মসূচিকে ঘিরে ছাত্রদল ও বিজয় একাত্তর হল সংসদ প্রতিনিধিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এরপর হল ছাত্রদলের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাবির বিজয় একাত্তর হলে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি ঘিরে এমন উত্তেজনা দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, বিজয় একাত্তর হলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন হল ছাত্রদলের নেতাকর্মীরা। ‘শিক্ষা সন্ত্রাস, একসঙ্গে চলে না’, ‘উগ্রবাদের ঠিকানা এ বিশ্ববিদ্যালয়ে হবে না’ এমন স্লোগান দিতে দেখা যায় তাদের। এতে উত্তেজনা তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায়। বর্তমানে কিছুটা শান্ত থাকলেও সার্বিক পরিস্থিতি থমথমে।
ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভির আল হাদি মায়েদ জানিয়েছেন, ছাত্রদলের কর্মসূচি শেষে ফটোসেশানের সময় হল সংসদের প্রতিনিধিদের কথাকাটি হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে বিজয় একাত্তর হল ছাত্রদল।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতির দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার উত্তেজনা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। এ সময় মাথায় হেলমেট পরে এবং হাতে কিরিচসহ অন্যান্য ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে দেখা যায় দুপক্ষকে।


