আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

অর্থনীতি স্লাইড

 

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোতে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।

প্রথম প্রস্তাবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইয়ার এনার্জি এজি থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানি করার নীতিগত অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনাল থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়েছে।

তিনটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো নীতিগতভাবে অনুমোদন করে। এর আগে গত শনিবারও সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে জরুরি চাহিদা মোকাবিলায় আরও কয়েক লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঝুঁকি মোকাবিলায় সরকার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *