বুধবার ব্যাংক বন্ধ থাকবে

অর্থনীতি স্লাইড

 

ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। একই কারণে দেশের প্রধান দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—ও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। এই ছুটি আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা এবং বার্ষিক হিসাবনিকাশ সমাপ্ত করার উদ্দেশ্যে নির্ধারিত।

প্রথা অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকে। তবে এই সময় ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কাজ চলতে থাকে। আর্থিক হিসাব মেলানোর সুবিধার জন্য সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকে, কিন্তু কোনো গ্রাহক লেনদেন সম্পন্ন করা যায় না। ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে বা ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারেও লেনদেন স্থগিত থাকে। সে অনুযায়ী আগামীকাল বুধবার ডিএসই ও সিএসইতে শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে এদিনও পুঁজিবাজারে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *