হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ আটকে পড়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর বরাতে এ খবর জানায় আলজাজিরা।
পানামায় অনুষ্ঠিত মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাসে বক্তব্য দিতে গিয়ে আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, জাহাজগুলোর সঙ্গে প্রায় ২০ হাজার নাবিক ও ক্রুও বর্তমানে উপসাগরীয় এলাকায় আটকা পড়ে আছেন।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে এবার ইউরোপজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বাড়ানো না গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র আকার নিতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিল্প উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং দৈনন্দিন জ্বালানি ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।


