ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন। আজ বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বলেছেন, আগামী ৭ জুন রবিবার বিকাল ৩ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করছি। এই অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবে সরকার।
অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট করার পরিকল্পনা নিয়েছে সরকার। এরমধ্যে ২.৩০ লাখ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় করা হবে। আর ৫.৬০ লাখ কোটি টাকা ব্যয় করা হবে পরিচালন খাতে। বিপুল এই ব্যয় নির্বাহের লক্ষে সরকার ৫.৬৪ লাখ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। আর ২.২৬ লাখ কোটি টাকা ঘাটতি থাকবে, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট দল হিসেবে বিএনপি সরকার গঠন করেছে। পরে গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। প্রথম অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল।


