ইরান সংঘাত বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে, দ্রুত সমাধান প্রয়োজন: পুতিন

আন্তর্জাতিক

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ জুন) বলেছেন, ইরানের সংঘাত একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে, যা ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরিয়ে নিচ্ছে।

সেন্ট পিটার্সবার্গে বিশ্বব্যাপী সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে মধ্যপ্রাচ্যে একটি সমাধান আসবে।

পুতিন বলেন, ‘ইউক্রেনের সংকট স্থানীয়, কিন্তু ইরানকে ঘিরে যে সমস্যা, তা বৈশ্বিক প্রকৃতির।’

পুতিন আরও যোগ করেন যে ওয়াশিংটন প্রাথমিকভাবে এই বিষয়টি মোকাবেলা করতে বাধ্য হয়েছে।

পুতিন এই সংঘাত চলাকালীন ইরানি জনগণের ঐক্য ও সহনশীলতার প্রশংসা করে বলেন, ভবিষ্যতের যেকোনো নিষ্পত্তিতে ইরানিদের স্বার্থ অবশ্যই বিবেচনায় নিতে হবে।

রুশ নেতা আশা প্রকাশ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নীতি একটি সমঝোতার পথ প্রশস্ত করতে সাহায্য করবে।

‘আমরা আশা করি এই সংকটের একটি ইতিবাচক ফল আসবে, এবং সংঘাত বন্ধ হবে।’ পুতিন বলেছেন।

যদি কোনো কিছু রাশিয়ার ওপর নির্ভর করে, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত বলেও জানান পুতিন।

এদিকে, রুশ নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উদ্বেগ নিরসনে একটি কূটনৈতিক সমাধানের প্রতি মস্কোর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

ইঙ্গিত দিয়েছেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) -র তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু করে শান্তিপূর্ণ পারমাণবিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

রুশ প্রেসিডেন্ট ইরানকে একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করেছেন, যার সঙ্গে রাশিয়া ঘনিষ্ঠ ও আস্থার সম্পর্ক বজায় রাখে। একই সাথে তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেছেন যে, জ্বালানির উচ্চমূল্যের মাধ্যমে এই সংঘাত থেকে মস্কো লাভবান হচ্ছে।

‘হ্যাঁ, দাম বেড়েছে এবং আমাদের কোম্পানিগুলো কিছুটা লাভবান হচ্ছে, কিন্তু এটি অস্থায়ী এবং স্বল্পমেয়াদী। আমাদের স্বার্থ হলো এই সংঘাত যত দ্রুত সম্ভব বন্ধ করা।’ পুতিন বলেন।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *