জ্বালানি তেলের সংকটের মুখে হরমুজ নিয়ে নতুন বার্তা ইরানের

আন্তর্জাতিক স্পেশাল

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন ঘোষণায় কিছুটা আশার আলো দেখা গেছে।

ইরান বলছে, প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই তাদের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোনো জাহাজকে তারা ছাড় দেবে না।

শনিবার (৭ মার্চ) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে প্রণালিতে জাহাজ চলাচল কমে গেছে। যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, তবে তার নিরাপত্তার দায়িত্ব নিজেই বহন করবে। তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি ইসরাইল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, আমরা সেগুলোকে লক্ষ্যবস্তু করব।’

গত বছর এই প্রণালির মাধ্যমে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ৫০ লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হতো, যার অধিকাংশই গিয়েছে এশিয়ার দেশগুলোতে।

সাম্প্রতিক নতুন বিধিনিষেধ এবং উত্তেজনার কারণে তেলবাহী ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে নতুন ঘোষণায় প্রণালিটি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *