‘রাক্ষস’ টিম শ্রীলংকায় যাচ্ছে, যোগ দিচ্ছেন বলিউড অভিনেতা!ও

বিনোদন স্পেশাল

 

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জোরকদমে এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গেল মাসে শুটিং ফ্লোরে গড়ানো এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে কৌতূহল।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে রয়েছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ—যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।

ইতিমধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকার অংশে টানা চার দিন শুটিং করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে যান।

এবার খবর, আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম পাড়ি জমাচ্ছে শ্রীলংকায়। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরো কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ চলবে শুটিং।

ঘনিষ্ঠ সূত্রে আরো জানা গেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে।

ওই অভিনেতার শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্মাতারা বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাইছেন, তাই আপাতত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

শুধু শ্রীলংকাই নয়, সিনেমাটির কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করার পর ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন করে সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে টিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *