কোরবানির ঈদ উপলক্ষে সরকারি অফিস-আদালতে টানা সাত দিন ছুটি থাকলেও চট্টগ্রামসহ সব বন্দরের কাস্টমস হাউজ দিয়ে ‘সীমিত’ পরিসরে আমদানি-রপ্তানি চালু থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় বলা হয়েছে,ঈদের দিন ছাড়া ছুটির বাকি দিনগুলোতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে।
ঈদে টানা সাত দিনের ছুটির বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। এনবিআরের নির্দেশনা অনুযায়ী, এই সাত দিনের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানি-রপ্তানি সীমিত আকারে চালু থাকবে।


