বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বর্তমান ঠিকাদারকে আরও ছয় মাস দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং সার আমদানির কয়েকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় একই দর ও শর্তে প্রতিষ্ঠানটিকে আরও ছয় মাস অথবা নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে রাখার ঘটনোত্তর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্দর কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
একই বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২ লাখ আইইউ ও ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যাতে সরবরাহে বিঘ্ন না ঘটে।
অন্যদিকে দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এ এলএনজি কেনা হবে। জুন মাসে সরবরাহযোগ্য ২৩তম, ২৪তম ও ২৫তম কার্গো আমদানি করা হবে দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো।
এর আগে ৭ মে অনুমোদিত তিন কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ টাকা। ফলে একই পরিমাণ এলএনজি আমদানিতে এবার প্রায় ১৪৪ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে দাম বেড়েছে। এছাড়া বৈঠকে ৩০ হাজার টন ইউরিয়া ও ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।


