উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, ফলে লিটারে কমেছে ২১ টাকা ৬৩ পয়সা। বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
এতে জানানো হয়, বিইআরসি ঘোষিত নতুল মূল্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে এপ্রিলে জেট ফুয়েলের দাম বাড়িয়েছিল বিইআরসি। ৭ এপ্রিল অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয় এবং আন্তর্জাতিক রুটে লিটারে মূল্য বাড়িয়ে ১ দশমিক ৪৮ ডলার করা হয়। এরও আগে ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়, আর আন্তর্জাতিক রুটে তা ০ দশমিক ৭৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২ ডলার নির্ধারণ করা হয়েছিল।
মার্চের শুরুতেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। ৮ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৬২ ডলার থেকে ০ দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করে বিইআরসি। চলতি বছরের জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা ১৯ পয়সা বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা করা হয়।


