‘এতদিন আমরা মুখে যা বলেছি, সেগুলো করে দেখাবে তামিম’

‘এতদিন আমরা মুখে যা বলেছি, সেগুলো করে দেখাবে তামিম’

খেলা স্পেশাল

 

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, যে কাজের কথা আমরা এতদিন শুধু মুখে মুখে বলেছি, সেগুলো করে দেখাবে তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ছিলেন সুজন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। বিসিবি সভাপতি না থাকায় পদত্যাগ করেন পরিচালক খালেদ মাহমুদ সুজন।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে প্রধান করে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বোর্ডে তামিম ফেরায় ফিরেছেন খালেদ মাহমুদ সুজন।

দীর্ঘদিন পর ক্রিকেট বোর্ডে ফিরে আজ মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘আজ আমি কোনো মিটিংয়ে যাইনি। আসলে তামিম ফোন করে বলেছিল আপনি বোর্ডে আসেন। আমি জিজ্ঞেস করলাম কেন সিসিডিএমের মিটিংয়ে নাকি? ও বলল মিটিং না, আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে।’

তামিমের ডাক ফেরাতে পারেননি সুজন, ‘এমনিতেও ওর সাথে যোগাযোগ ছিলই। কিন্তু এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো সভাপতি ফোন করে যখন ডাকছে, তখন তো আমি না করতে পারি না। এজন্যই যাওয়া। প্রায় ২১ মাস পর মনে হয় বোর্ডে গেলাম। মূলত, তামিমের সঙ্গে দেখা করতে গেছি।’

জাতীয় দলের সাবেক এই ম্যানেজার আরও বলেন, ‘ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। দিন শেষে যখন আমরা ক্রিকেটাররা বসি, তখন ক্রিকেট নিয়েই কথা হয়। ওইখানে আরও অনেক ক্রিকেটার ছিল। শাহরিয়ার নাফিস, মিঠুন, রাজ, মুকুল, রাহুল, নান্নু ভাই ছিল, আরও অনেকে ছিল।’

সুজন বলেন, ‘যেহেতু তামিম অনেক বেশি রোমাঞ্চিত, অবশ্যই ও ভালো কিছু করতে চায়। আমি বিশ্বাস করি আমরা একজন ভালো সভাপতি পাব। সত্যি কথা যে কাজগুলো আমরা এতদিন মুখে মুখে বলেছি কিন্তু করি নাই। তামিম সেগুলো করে দেখাবে বলে আমি বিশ্বাস করি। আমি তামিমকে ছোটবেলা থেকে দেখে আসছি। ও ক্রিকেট নিয়ে যতটা সিরিয়াস ছিল, অনুশীলন নিয়ে যতটা সিরিয়াস ছিল আমার মনে হয় ওই স্পিরিটটা এখানেও (বিসিবি সভাপতি হিসেবে) বজায় রাখছে। ও খুবই সিরিয়াস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *