লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই যুদ্ধবিরতির আওতায় লেবাননের অন্তর্ভুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোর দিয়ে বলছে, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করছে ইরান।
এ ছাড়া যুদ্ধবিরতির অন্যান্য শর্ত নিয়েও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতানৈক্য হয়েছে। সব মিলিয়ে চলমান এই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে অনিশ্চয়তার মধ্যেই আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।
গত বুধবার লেবাননে ইসরায়েলি হামলার পর গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে।
অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলেও গতকাল উপসাগরীয় অঞ্চলজুড়ে নতুন হামলার খবর তেমন সামনে না আসায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটি আপাতদৃষ্টিতে মোটামুটি কার্যকর রয়েছে বলেই মনে হচ্ছে।
তবে লেবানন নিয়ে ইসরায়েল অনড় অবস্থানেই রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের নির্দিষ্ট কয়েকটি এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
হিজবুল্লাহর উদ্দেশে এক কঠোর হুঁশিয়ারি বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা অব্যাহত রাখবেন তাঁরা।
এদিকে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাব যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে উঠতে পারে বলে বিবিসির কূটনৈতিক প্রতিনিধি পল অ্যাডামস জানিয়েছেন। তাঁর মতে, এমন একটি মুহূর্ত আসতে পারে, যখন ওয়াশিংটন ইসরায়েলকে সহিংস হামলা বন্ধের অনুরোধ জানাবে।
অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামে। যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় গত বুধবার তেলের দাম কমেছিল, কিন্তু যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় গতকাল তেলের দাম আবার বেড়েছে।
ব্রেন্ট ক্রুডের দাম গতকাল ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৫৩ ডলারে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রের লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২.৮ শতাংশ বেড়ে হয়েছে ৯৭.২ ডলার। এ ছাড়া ভঙ্গুর যুদ্ধবিরতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রাবাজারে। অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবস্থান এখন নড়বড়ে।
লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত
লেবাননে গত বুধবারের নজিরবিহীন হামলার পর স্থানীয় সময় গতকাল সকালেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত সাতজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশজুড়ে চালানো হামলায় ২০৩ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। নিহতদের স্মরণে গতকাল দেশটির সরকার সারা দেশে সরকারি ছুটি এবং শোক দিবস ঘোষণা করেছে।
আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে : ইরানের প্রেসিডেন্ট
লেবাননে ইসরায়েলি হামলাকে ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।” সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে ‘প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ’ হিসেবে আখ্যা দেন। ইরানি প্রেসিডেন্ট মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।”
‘আসল চুক্তি’ না হওয়া পর্যন্ত ইরানের আশপাশেই থাকবে মার্কিন সেনা : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে বলেছেন, যদি ‘আসল চুক্তি’ পুরোপুরি মেনে চলা না হয়, তাহলে এমন ভয়াবহ বড় হামলা শুরু হবে, যা কেউ আগে কখনো দেখেনি।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান, সামরিক সদস্য, প্রয়োজনীয় গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং শত্রুদের মোকাবেলার জন্য যা যা দরকার, সবকিছুই ইরানের আশপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না আমাদের মধ্যে হওয়া ‘আসল চুক্তি’ পুরোপুরি কার্যকর হচ্ছে, ততক্ষণ তারা সেখান থেকে সরবে না। যদি কোনো কারণে এই চুক্তি অমান্য করা হয়, যদিও তার সম্ভাবনা খুব কম, তাহলে আবারও ‘হামলা শুরু হবে’, যা হবে আগের চেয়ে অনেক বড়, শক্তিশালী এবং বিধ্বংসী।”
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে : ইরান
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ‘টুডে’ অনুষ্ঠানে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এই প্রণালি ‘হাজার হাজার বছর ধরে খোলা ছিল’। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘বাস্তবে এই আগ্রাসন থেকে সরে না এলে’ প্রণালি পুনরায় খোলা হবে না, যার মাধ্যমে তিনি লেবাননে ইসরায়েলের হামলার কথাই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছার লক্ষ্যে গতকালই ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছার কথা। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আগামীকাল শনিবার শুরু হতে যাওয়া এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলা চরম উত্তেজনা এবং সাম্প্রতিক রক্তক্ষয়ী যুদ্ধের পর এই আলোচনাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর শেষ সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে আলোচনার আলোচ্যসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান তাদের ১০ দফা দাবির ওপর অনড় থাকলেও যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছে।
এদিকে লেবাননও আলোচনার টেবিলে থাকতে চায় বলে দেশটির সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ জানিয়েছেন।
লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’ : জাতিসংঘ
লেবাননজুড়ে গত ৮ এপ্রিল ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সামরিক তৎপরতা বর্তমান যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি করছে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “৮ এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের এই ব্যাপক হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহবান জানিয়েছেন।”
নেতানিয়াহু লেবাননের সঙ্গে আলোচনার কথা বললেও প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ‘যুদ্ধ বন্ধ হবে না’
আল জাজিরা জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ বলেছেন, লেবাননের সঙ্গে ‘যুদ্ধ বন্ধ হবে না’। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে গতকাল এ কথা বলেন তিনি।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সিএনএনের প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, নেতানিয়াহুর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার পর এসেছে।
হরমুজের নিরাপত্তায় ন্যাটোর কাছে ‘সুনির্দিষ্ট প্রতিশ্রুতি’ চান ট্রাম্প
ন্যাটোর মহাসচিব মার্ক রুটা জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, ট্রাম্প ‘আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান। গতকাল দুজন ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
খামেনির স্মরণে তেহরানে জনতার ঢল
গত ২৮ ফেব্রুয়ারি তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনির মৃত্যুর পর ইরানের সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করে। সেই শোক পালনে গতকাল দেশটির রাজধানী তেহরানে জনতার ঢল নেমেছে। এই শোকসভা থেকে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের বিপ্লবী জনতা।
সূত্র : বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএন, মিডলইস্ট আই


