বিসিবিকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস আইসিসির

খেলা স্পেশাল

 

গতরাতে (৬ জানুয়ারি) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, নিরপক্ষে ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ খেলতে বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আইসিসি। উল্টো নাকি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেয়ার। ভারতে খেলতে না গেলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের পয়েন্ট কাটা যাবে এমন তথ্যও জানায় সাইটটি।

তবে, গণমাধ্যমের এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৭ জানুয়ারি) দুপুরে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে এক বিবৃতিতে আইসিসির সঙ্গে যোগাযোগের পর পাওয়া প্রতিক্রিয়া তুলে ধরেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এই বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এই বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বোর্ডের উত্থাপিত উদ্বেগ এবং দলের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে একটি প্রতিক্রিয়া পেয়েছে।

আইসিসির ওই যোগাযোগে বাংলাদেশ দলের টুর্নামেন্টে পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে আইসিসি বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে ইভেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামত স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।’

এই বিবৃতিতে ইএসপিএন-ক্রিকইনফোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে, ‘বিসিবি গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে এ বিষয়ে বোর্ড নাকি কোনো ধরনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুকে প্রতিফলিত করে না।

বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে এমন একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায় যা ২০২৬ এর পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের মসৃণ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *