দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: জামায়াত আমির

রাজনীতি স্লাইড

 

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে দল-মত-নির্বিশেষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। গত শনিবার নিজের ফেসবুক বার্তায় এ আহবান জানান ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

তিনি বলেন, ‘আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান।

‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, “আসুন, দল-মত-নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *