চার নাটকে ক্যাপিটালের ঈদ আয়োজন

বিনোদন স্পেশাল

 

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছে ক্যাপিটাল ড্রামা। পাশাপাশি যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল নাটক’।

ঈদের দিন থেকে দুই প্ল্যাটফর্মে প্রচার হবে একাধিক নাটক। পারিবারিক গল্প, রোমান্স ও আবেগঘন নানা গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বোন যখন জা

দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে হওয়ার পর শুরু হয় পারিবারিক টানাপোড়েন। দেনমোহর ও সংসারের কাজ নিয়ে দুই বোনের সম্পর্ক ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুই ভাইকে। এমন গল্পে জাকিউল ইসলাম রিপন নির্মাণ করেছেন ‘বোন যখন জা’। অনামিকা মণ্ডলের গল্প এবং আনোয়ারুল আলম সজল প্রযোজিত এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, সবুজ আহমেদ ও লিজা মিতু। এটি ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘ক্যাপিটাল নাটক’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

অচেনা আমি

প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে ফিরে পাওয়ার আবেগঘন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অচেনা আমি’। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে অপূর্বর সঙ্গে পর্দায় দেখা যাবে নাজনীন নাহার নিহাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তারিক আনাম খান। নাটকটি ঈদের দ্বিতীয় দিনে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

তোর মায়ায়

দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ে প্রেমিক যুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল-বোঝাবুঝি ও মানসিক চাপে এক পর্যায়ে তারা ভয়াবহ সিদ্ধান্ত নেয়। এমন গল্পে নির্মিত ‘তোর মায়ায়’ দেখা যাবে ঈদের চতুর্থ দিন। রুবেল হাসান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জোভান ও তটিনী।

কাজল চোখের মেয়ে

২০১০ সাল ও বর্তমান সময়—দুটি ভিন্ন প্রেক্ষাপটে এগিয়েছে ‘কাজল চোখের মেয়ে’ নাটকের গল্প। প্রেম, পরিবার ও অপূর্ণ সম্পর্কের আবেগকে কেন্দ্র করেই নির্মিত এই নাটকে অভিনয় করেছেন জোভান ও তটিনী। জাকারিয়া সৌখিন পরিচালনায় এটি ঈদের ছুটির পর প্রচার হবে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *