বিশ্বকাপে কোন দেশের কোচদের রাজত্বে শীর্ষে?

বিশ্বকাপে কোন দেশের কোচদের রাজত্বে শীর্ষে?

খেলা স্পেশাল

 

বিশ্বকাপে খেলোয়াড়দের ক্ষেত্রে জাতীয়তার বাধ্যবাধকতা থাকলেও কোচ নির্বাচনে এমন কোনো সীমাবদ্ধতা নেই। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে এবারের আসরে অংশ নেওয়া অনেক দল। ৪৮টি দলের মধ্যে ২৬টিই দায়িত্ব দিয়েছে বিদেশি কোচদের হাতে।

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বিদেশি কোচদের তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব আর্জেন্টিনার। অর্থাৎ, এবারের বিশ্বকাপে জাতীয়তা বিবেচনায় সর্বাধিক কোচ আর্জেন্টাইন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। তবে ব্রাজিলের কোনো কোচ এবার বিশ্বকাপে নেই। বরং দলটি বিশ্বমঞ্চে নামছে এক ইতালিয়ান কোচের নেতৃত্বে।

২০২৬ ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি কোচ এসেছে আর্জেন্টিনা থেকে। মোট ছয়জন আর্জেন্টাইন কোচ এবার বিশ্বকাপের ডাগআউটে দেখা যাবে। এর মধ্যে আছেন লিওনেল স্ক্যালোনি, যিনি আর্জেন্টিনার দায়িত্বে রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেস এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো— সবাই আর্জেন্টাইন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স, যাদের পাঁচজন কোচ এবারের বিশ্বকাপে বিভিন্ন দলের দায়িত্বে থাকবেন। ফ্রান্সের দায়িত্বে আছেন দিদিয়ের দেশম। এছাড়া বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও— এরা সবাই ফরাসি।

সবচেয়ে বেশি কোচ দেওয়া দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। চারজন স্প্যানিশ কোচ এবার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি এবং পানামার ক্রিস্টিয়ানসেন।

এ ছাড়া তিনজন করে বিশ্বকাপ কোচ আছে ইতালি ও জার্মানির। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারা ইতালি থেকে এবার কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন কার্লো আনচেলত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) এবং ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। আর জার্মানদের মধ্যে কোচ হিসেবে আছেন ইউলিয়ান নাগেলসমান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।

এবারের বিশ্বকাপে মোট ২২টি দেশ নিজেদের স্থানীয় কোচের ওপরই আস্থা রেখেছে। অর্থাৎ, এই দলগুলো বিদেশি নয়, নিজেদের দেশের মানুষকেই জাতীয় দলের দায়িত্ব দিয়েছে। তালিকায় সবচেয়ে বড় নামগুলোর মধ্যে আছেন আর্জেন্টিনার লিওনেল স্ক্যালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম ও জার্মানির ইউলিয়ান নাগেলসমান।

নিজ দেশের কোচদের তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ার টনি পপোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার সের্গেই বারবারেজ, কেপ ভার্দের বুবিস্তা, ক্রোয়েশিয়ার জ্লাৎকো দালিচ, চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কুবেক, মিসরের হোসাম হাসান এবং ঘানার অটো আডো— যিনি জন্মসূত্রে জার্মান হলেও এখন ঘানার নাগরিক হিসেবে দলের দায়িত্বে আছেন।

এছাড়া ইরানের আমির ঘালেনোয়ি, আইভরি কোস্টের এমার্সে ফায়ে, জাপানের হাজিমে মোরিয়াসু, দক্ষিণ কোরিয়ার হং মিউং-বো, মেক্সিকোর হাভিয়ের আগুইরে, মরক্কোর মোহামেদ ওয়াহাবি (জন্ম বেলজিয়ামে, নাগরিক মরক্কোর), নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান, নরওয়ের স্টোলে সোলবাকেন, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক, সেনেগালের পাপে থিয়াউ, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং সুইজারল্যান্ডের মুরাত ইয়াকিনও নিজ দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *