বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সকলের জন্য দোয়া চেয়ে মন্ত্রী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে, তামাম দুনিয়ার মুসলমানকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমান ভাই-বোনদেরকে হেদায়েত নসিব করুক, সহীহ বুঝ দান করুক; বিশেষ করে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ পাক সহীহ বুঝ দান করুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের একুশ জেলা থেকে চাঁদ দেখার সংবাদ জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন জানতে পেরেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা, যা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ দিনে পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের চেতনা এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেওয়া হয়। কোরবানির ঈদ উপলক্ষে এ বছর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে এবং এর আগের দিন ২৬ মে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।


