নাহিদে মুগ্ধ কিউই কোচ, সিমন্সের চোখে ‘ট্রাম্প কার্ড’

নাহিদে মুগ্ধ কিউই কোচ, সিমন্সের চোখে ‘ট্রাম্প কার্ড’

খেলা স্পেশাল

 

পিএসএল মাতিয়ে বেশ আলোচনায় ছিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি। মাঠে নামার আগে এই গতি তারকাকে প্রশংসায় ভাসালেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। অন্যদিকে, বাংলাদেশ কোচ ফিল সিমন্সের চোখে নাহিদ রানা হচ্ছেন দলের ‘ট্রাম্প কার্ড’।

মিরপুরে সংবাদ সম্মেলনে নাহিদ রানা প্রসঙ্গে ওয়াল্টার বলেন, ‘সে দারুণ একজন ফাস্ট বোলার। এখানকার কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন একজন ফাস্ট বোলারকে দেখতে পাওয়াটা বেশ ভালো ব্যাপার।’

ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করা নাহিদকে সামলানোর বিষয়ে ওয়াল্টার আরও বলেন, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। তবে ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি, আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা ঠিকঠাক করতে হবে। কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজেদের স্কিল কাজে লাগিয়েই তাকে সামলাতে হবে।’

একই সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে উল্লেখ করেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তাকে আগলে রাখার ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তাগিদ দিয়ে ক্যারিবীয় এই কোচ বলেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে ফিট পাওয়া যায়, এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে; যাতে সে নিজেকে বাংলাদেশের জন্য উজাড় করে দিতে পারে।’

আসন্ন সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে সিমন্স বলেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত। তারা (নিউজিল্যান্ড) যেসব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে, সেগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তান সিরিজের আগে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *