নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

খেলা স্পেশাল

 

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল প্রকাশ করে বিসিবি।

সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে গত মঙ্গলবার ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। মাত্র তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া তামিমের বোর্ডের সামনে শুরুতেই চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। নতুন বোর্ড কেমন দল গঠন করে, কারা সুযোগ পান, কারা বাদ পড়েন;  এসব নিয়ে গুঞ্জনের মাঝেই অপেক্ষার অবসান ঘটাল বিসিবি।

অবশ্য তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল প্রথম দুই ওয়ানডের দল প্রকাশ করেছে বিসিবি। তবে সেখানে নেই কোনো চমক। সবশেষ পাকিস্তান সিরিজে বুলবুলের বোর্ড ওয়ানডেতে যে দল দিয়েছিল, সে একই দলই প্রকাশ করেছে তামিমের বোর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ এপ্রিল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল, চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *