তিন মাস পর বিএনপির নীতিনির্ধারকদের বৈঠক আজ

রাজনীতি স্লাইড

 

প্রায় তিন মাস পর দলের নীতিনির্ধারকদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া দলীয় বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ও এ বৈঠকে প্রাধান্য পাবে।

মেয়েকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী : মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে আসেন চলচ্চিত্র দেখতে। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

ধানমণ্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি দেখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, ছুটির দিন বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবিটি ৭টা ১০ মিনিটে শুরু হয়। ১০টা ১০ মিনিটে শেষ হয়েছে।

২০২৬ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন ছবি ‘প্রজেক্ট হেইল মেরি’, যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

রাজশাহীর টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী : ‘সন্তানরা খোঁজ নেয় না, তবু অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

গতকাল রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয়কেন্দ্রসংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে অসহায় টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। তারা টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেয়। তারা তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন অটোরিকশা উপহার ও চিকিৎসা সহায়তা দেয় এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *