ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান

ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান

আন্তর্জাতিক স্লাইড

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর–কষাকষি হয়নি।’ সেই সঙ্গে তিনি তেহরানের ‘সীমারেখা’ আবারও স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও ফুটেজ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর–কষাকষি হয়নি। তার ভাষ্য, এ কর্মসূচি ‘কখনোই দর–কষাকষির’ বিষয় ছিল না।

এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে আক্রমণ চালায়, তবে তেহরানও এ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করবে।

এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রধান দুই মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেছেন। এটাকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, এ দুই শীর্ষ মার্কিন কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত রণতরিটি পরিদর্শন করেছেন।

ওমানের মাসকাটে ইরান–যুক্তরাষ্ট্রের ‘পরোক্ষ’ আলোচনাকে ‘একটি ভালো সুযোগ’ বলে গতকাল মন্তব্য করেন আব্বাস আরাগচি। এ আলোচনাকে ‘ভালো সূচনা’ উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

আল জাজিরাকে আরাগচি বলেন, পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কার্যক্রম ইরানের ‘অখণ্ড অধিকার’ এবং এটি অবশ্যই অব্যাহত থাকতে হবে। তিনি আরও বলেন,  ‘এ কার্যক্রম নিয়ে একটি আশ্বস্তকারী চুক্তিতে পৌঁছাতে আমরা প্রস্তুত রয়েছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশটির পারমাণবিক ইস্যুর সমাধান শুধু আলোচনার মাধ্যমেই সম্ভব।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার জানান, ইরান ইস্যুতে ওয়াশিংটন ‘খুব ভালো আলোচনা’ করেছে। ইরানের সঙ্গে ভবিষ্যতে আরও আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এরপরও ট্রাম্প গতকাল এক নির্বাহী আদেশে সই করেছেন। ওই আদেশে তিনি তেহরানের জ্বালানি তেল পরিবহন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *