ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

জাতীয় স্লাইড

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে আজ সোমবার (১৬ মার্চ) তাদের শেষ কর্মদিবস। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি।

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

ফলে এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সরকারি অফিসে ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল।

এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি রয়েছে।

এর পরদিন ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যপ্রণালী বিধিমালা-১৯৯৬ অনুযায়ী মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত ছুটির সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *