পোস্টাল ভোট বিডি: নিবন্ধন করেছেন ৮ লাখের বেশি প্রবাসী

জাতীয় স্লাইড

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত ভোটারের সংখ্যা ৮ লাখ ৮৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন, যা সর্বোচ্চ। এছাড়া, কাতারে ৫৯ হাজার ৫৮২, ওমানে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়ায় ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৮৭৪২ এবং যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন। দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।

জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা ৭১ হাজার ১৪৩ জন, ঢাকায় ৬৩ হাজার ৫৯৫, চট্টগ্রামে ৬১ হাজার ৭০৩, নোয়াখালীতে ৪০ হাজার ৭৪১, সিলেটে ৩০ হাজার ৮৯ ও চাঁদপুরে ২৮ হাজার ৩১৫ জন। আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১১ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫তে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০-এ ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন।

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *