‘শর্ত মানতে ব্যর্থ হলে রদ্রিগেজেকে মাদুরোর পরিণতি ভোগ করতে হবে’

আন্তর্জাতিক স্লাইড

 

তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার বর্তমান নেতা (ডেলসি রদ্রিগেজ) যদি যুক্তরাষ্ট্রের দাবি মানতে ব্যর্থ হন, তবে তিনি মার্কিন সমর্থনে ক্ষমতাচ্যুত হওয়া তার পূর্বসূরি নিকোলাস মাদুরোর মতো পরিণতি ভোগ করতে পারেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সতর্কবার্তা দিয়েছেন।

লিখিত বক্তব্যে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে রুবিও বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ‘মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই অবগত’ আছেন। আমাদের বিশ্বাস, তার নিজস্ব স্বার্থ আমাদের মূল লক্ষ্যগুলো বাস্তবায়নে এগিয়ে নেওয়ার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

রুবিও আরো বলেন, ‘কোনো ভুল করবেন না, প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, অন্য সব উপায় ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা শক্তি প্রয়োগেও প্রস্তুত।’ তিনি এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উল্লেখ করেন।

গত ৩ জানুয়ারি মার্কিন কমান্ডো বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের বামপন্থী প্রতিদ্বন্দ্বী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য এই দম্পতিকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে।

তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রুবিও ওই অভিযানের জোরালো সমর্থন জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং মাদুরোকে আইনসম্মত রাষ্ট্রপ্রধান নয়, বরং অভিযুক্ত এক মাদক পাচারকারী হিসেবে আখ্যা দেন।’

রুবিও বলেন, ‘একজনও মার্কিন নাগরিকের প্রাণহানি ছাড়াই এবং কোনো চলমান দখলদারিত দখল ছাড়াই এই পুরো অভিযান সম্পন্ন করা হয়েছে। ইতিহাসে খুব কম উদাহরণ রয়েছে যেখানে এতো কম খরচে এত কিছু অর্জন করা হয়েছে।

তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা দাবি করেছেন, মাদুরোকে রক্ষার চেষ্টা করতে গিয়ে ভেনেজুয়েলার ও কিউবার নাগরিকসহ ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন, যাতে তার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর স্বার্থে কাজ করে।

রুবিও কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাটদের অভিযোগের মুখে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। ডেমোক্র্যাটরা অভিযোগ করে আসছে, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

সূত্র : আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *